Friday, 2 November 2018

Fan Fiction: Santapriya Chakraborty

 জটায়ু - সর্দারজী রাজস্থান মে ডাকু হ্যায় ইয়া নেহি হ্যায়?

ড্রাইভার - হ্যায় জি।
মন্দার বোস - রাজস্থানে রক্তপাত!
জটায়ু - বাঃ! বাঃ! ওয়ান্ডারফুল। দারুণ বলেছেন তো মশাই। আমি বরং এটা লিখে নি......

(ফেলুদার আগমন)

ফেলুদা - আর লিখে কাজ নেই লালমোহন বাবু‌‌। ওনামে আর ব‌ই বাজারে চলবে না‌।
জটায়ু - মানে? মানে?
ফেলুদা - গোঁদা বাংলায় বললে ঐ নামে আপনার নেক্সট উপন্যাস বেরোলে পাব্লিক খাবে না।
মন্দার বোস - এমন কথা বলছেন কেন মশাই? নামটার মধ্যেই তো কেমন একটা থ্রিল রয়েছে। "রাজস্থানে রক্তপাত"!
জটায়ু - তাহলে ফেলুবাবু আপনি বলছেন রাজস্থানে আর ডাকু নেই? আরাবল্লী ছেড়ে তারা সব পালিয়েছে?
মন্দার বোস - নাকি ডাকাতি ছেড়ে সন্ন্যাসী হয়ে হিমালয়ে গিয়ে ধ্যান করছে? হেঁ হেঁ হেঁ!!
ফেলুদা - এর কোনটাই নয়। আরাবল্লীর ডেকয়টসরা এখন দারুণ স্মার্ট। তারা আর রক্তপাত ঘটায় না। তারা এখন ধান্দা বদলেছে। তাতে রিস্ক‌ও কম, মুনাফাও বেশী। তার উপর সরকারি মহলের হাত রয়েছে মাথার ওপর। ওরা এখন সবাই কড়োরপতি।
জটায়ু - অ্যাঁ!!
ফেলুদা - অ্যাঁ নয় হ্যাঁ। তারা এখন "পাহাড় চুরি" করছে। খবর শোনেননি, আরাবল্লীর ১২৮ টা ছোটবড় পাহাড়ের মধ্যে ৩১ টা টোটাল ভ্যানিশ।
মুকুল -( খানিক উত্তেজিত হয়ে) যেভাবে দুষ্টু লোককে ভ্যানিশ করে দিয়েছিল ডাক্তার কাকু?
ফেলুদা - ঠিক তাই মুকুলবাবু। সেরকমই ভ্যানিশ।
মন্দার বোস - কি যে বলছেন মশাই কিছুই তো মাথায় ঢুকছে না। এতে লাভটাই বা কি?
ফেলুদা - লাভ অনেক। এই পাহাড়গুলো খননের পর তার পাথর বিক্রী হয়ে যাচ্ছে চড়া দামে‌। যতটা হচ্ছে বৈধভাবে তার থেকে বেআইনি খনন চলছে অনেক বেশী। আর তা বাবদ রাজস্থান সরকার বছরে ৫০০০ কোটি টাকা রয়্যালটি পাচ্ছে। সুপ্রিম কোর্ট আগামী​ ৪৮ ঘন্টার মধ্যে এ খনন বন্ধের নির্দেশ দিয়েছে।
মন্দার বোস - তাও ভাল। আমি তো ভাবলুম স্বয়ং হনুমান এসে গন্ধমাদনের মত এই পাহাড়গুলো কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছে।
ফেলুদা - হনুমান‌ই বটে। রাজস্থানে ক্ষমতায় তো তাদেরই​ ভক্তরা। ফলে তারা যে ইন্সপায়ার্ড হয়ে একের পর এক পাহাড় সাবাড় করবে এতে আর নতুন কি! আপনি লালমোহন বাবু শুধু শুধুই ঐ জং ধরা অস্ত্রটি এদ্দূর বয়ে নিয়ে এলেন।
জটায়ু - তা যা বলেছেন।(ব্যাগ হাতড়ে) কিন্তু একি! অস্ত্র হাওয়া। শুধু খাপটি অবশিষ্ট রয়েছে.....😮😮

Saturday, 4 August 2018

Fan Fiction: Snehajit Lahiri

 “জানিস তোপসে,অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম কাল রাত্রে”।হাতে ধরে থাকা চায়ের কাপটায় একটু চুমুক দিয়ে বলল ফেলুদা।আমি জিজ্ঞেস করলাম-“কী গো”?


“একটা লোক বুঝলি,আমারই হাইটের হবে,বয়স সত্তরের আশে পাশে হবে,গায়ে একটা আদ্দির পাঞ্জাবি আর পাজামা।সটান ঘরে ঢুকে এসে বলে কিনা –“ওহে ফেলুচাঁদ,আমার একটা জিনিস হারিয়ে গ্যাছে,যদি খুঁজে দিতে পারো তোমার লাভ,নয়তো এক বিরাট মুশকিল অপেক্ষা করছে তোমার জন্য”। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম –“কী জিনিস?আর আপনার পরিচয়টা”?

“ইটস অ্যা ভেরি প্রেশাস থিং মিঃ মিত্তির।টাইম।অর্থাৎ আমার ফেলে আসা সময়”বললেন বৃদ্ধ।আমার একবার মনে হল ভদ্রলোক বোধহয় নিঃসঙ্গতায় ভুগছেন।জিজ্ঞেস করলাম-“আচ্ছা আপনি কি করেন,আর কে আছে বাড়িতে”? ভদ্রলোক একটা অদ্ভুত ঠাণ্ডা দৃষ্টিতে তাকালেন আমার দিকে।দৃষ্টি আমার খুব চেনা লাগছিল,কোথায় যে দেখেছি কিছুতেই মনে করে উঠতে পারলাম না।

-“পারলে খুঁজে দিয়ো,এবার আমি উঠি,ভোর হয়ে আসছে,আমার আবার বিগত পঞ্চাশ বছর ধরে ভোরবেলা যোগব্যায়ামের অভ্যাস”।বলে ভদ্রলোক বেড়িয়ে গেলেন ঘর থেকে”। এই বলে ফেলুদা বাকি চা শেষ করে কাপটা টেবিলে নামিয়ে রাখলো।

আমি বললাম-“ভদ্রলোক নামটা বলেছিলেন তোমায়”?

ফেলুদা ওর একপেশে হাসিটা হেসে উত্তর দিলো-“বললেন তো।প্রদোষ মিত্র”।

আমি চুপ করে থাকলাম,মনটা হঠাৎ খারাপ হয়ে গ্যালো।

Note: this is my personal blog. The copyright of the story lies solely and entirely with the author.

Sunday, 8 July 2018

Fan fiction: Santapriya Chakraborty

 (হোয়াটস‌অ্যাপ গ্রুপ "The sons of Ray" তে মেম্বারদের মধ্যে আলোচনা চলছে। বিষয় অবশ্য‌ই বর্তমান সময়ের সবচেয়ে হট টপিক বিশ্বকাপ।)

Jatayu: কাল কেমন খেলা দেখলে তপেশ? গতবারের চ্যাম্পিয়ন এবার গ্রুপ স্টেজ থেকেই বিদায়, এ তো হরেন্ডাস ব্যাপার ভাই!
Topshe: ( 🤔একটা চিন্তাসূচক ইমোজি দিয়ে) তা যা বলেছেন! প্রথমে ইতালি নেদারল্যান্ডের বিশ্বকাপে সুযোগ না পাওয়া, তারপর গ্রুপ স্টেজ থেকে জার্মানদের বিদায়। অঘটনের পর অঘটন চলছে।
Mukul: আমি ব্রাজিলের ভক্ত।
Mandar Bose: (❤️লাভ রিয়াক্ট দিয়ে) আমিও তো বাবা ব্রেজিলের ভক্ত! যাবে নাকি আমার সাথে সেখানে? তোমায় রিও শহর ঘোরাবো।
Feluda:(😡 ‌অ্যাঙ্গরি ইমোজি দিয়ে) আপনি কতবার গেছেন মশাই রিও তে? এমন বলছেন যেন ধর্মতলা থেকে বাস ধরলেই রিও ডি জেনেরোতে পৌঁছে যাবেন!!
Topshe: 😁😀
Jatayu: 😀😁😂
Dr. Nokol Hajra: (😡রেগে গিয়ে) তোমার তো দেখছি পুরোনো অভ্যাস গেল না! সুযোগ পেলেই ফেকছো, ওনার ভাষণ টাষণ কি একটু বেশী শুনছ নাকি আজকাল?
Mandar Bose left the group.
Maganlal Mehhraj: আহা! মান্দার বাবু তো চটে গেলো। ওনাকে রিজয়েন করিয়ে দিন ফেলুবাবু।
Topshe added Mandar Bose.
Captain Spark: আমার কিন্তু মনে হচ্ছে এবার আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন। শেষমেষ যেভাবে প্রি কোয়ার্টারে কোয়ালিফাই করল, এককথায় ফাটাফাটি!👍
Jatayu: আচ্ছা আর্জেন্টিনা জিতলে ওদের ইডেন গার্ডেন্সে ডেকে সোনার চেন, মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হবে নাকি? ওদের তো রং আবার নীলসাদা কিনা!!
Topshe: 😀😁
Mukul: 😀😁😂
Feluda: 😁 সাথে বোধহয় ওনার আঁকা ছবি বা কবিতাও দেওয়া হতে পারে। অনেকটা ঐ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ফাস্ট সেকেন্ডদের মত।
Pulak Ghoshal: (😋😋) গুড সেন্স অব হিউমার প্রদোষবাবু। 👏👏
তবে আমার বাজি কিন্তু এবার বেলজিয়াম। লুকাকু আর এডেন হ্যাজার্ড ফর্মে থাকলে অন্য টিমগুলো দেখবেন স্রেফ হাওয়া হয়ে যাবে।💪💪
Gupi Gayen: ও বাঘা দা! বলি অনেকদিন তো বোরানো টেরানো হয় না, চল না রাশিয়া ঘুরে আসি। বিশ্বকাপটাও দেখা যাবে।
Bagha Bayen: তা যা বলেছ! যবে থেকে বুদ্ধিজীবি সেজে রাস্তায় মিছিলে হেঁটেছি, এতগুলো কমিটির চেয়ারম্যান বানিয়ে দিয়েছে যে বিদেশ তো দূর, রাজ্যের বাইরে যাওয়ার‌ও ফুরসত হয়নি।😖
Gupi Gayen: জুতো জোড়া তবে বের করি? 👞👞
Bagha Bayen: করেই ফেলো। দেখেই আসি চল বিশ্বকাপ।
Maganlal Meghraj: বাঘা বাবু আপনাদের জুতোর কিমত কেত? আমি ফিফটি থাউজ্যান্ড ডলার পর্যন্ত বিয়ার করতে পারি। বেঁচে দিন আমাকে ও স্যু!
Bagha Bayen: এগুলো বিক্রীর জন্য নয় মগনবাবু। ও চিন্তা ভুলে যান।
Gupi Gayen: 👍👍যা বলেছ বাঘা দা!
Feluda: মগনলাল বাবু এটা আপনার ব্যবসার জায়গা নয়। আর ওনারা এটা বেঁচবেন না, কাজেই ও চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর বেআইনি পথে গেলে ফেলু মিত্তির যে তার প্রধান‌ অন্তরায় সেটা আশা করি বুঝে গেছেন।🔫
Maganlal Meghraj: 😠😠
Jatayu: 👏👏
Tarinikhuro: বিশ্বকাপ দেখার সৌভাগ্য হয়েছে আমার একবার। ১৯৮৬ তে, মেক্সিকোতে। কোয়ার্টার ফাইনালে মারাদোনার সেই বিখ্যাত "হ্যান্ডস অভ গড" গোল আর ছজনকে কাটিয়ে "গোল অফ দ্যি সেঞ্চুরি" মাঠে বসে প্রত্যক্ষ করেছি আমি। দুঃখ একটাই, পেলের খেলা দেখা হল না!😢
Jatayu:🙏🙏🙏
Topse: 🙏🙏🙏
Feluda: 🙏🙏🙏
Jatayu: তা আমাদের দেশ কবে বিশ্বকাপ খেলবে? একবার নাকি সুযোগ পেয়েও খেলতে যায়নি, পায়ে বুট ছিলনা বলে। আবার কি কখন‌ও সুযোগ আসবে?
Sidhu jyatha: সেটা ১৯৫২ এর ঘটনা। তবে জুতো না থাকাটাও যেমন‌ একটা কারণ তেমন তদানীন্তন সরকার‌ও বিশ্বকাপে টিম পাঠানোর চেয়ে অলিম্পিকে টিম পাঠানো বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিল। তাই খরচ বাঁচাতে বিমানভাড়া, হোটেল খরচা দিয়ে টিম পাঠায়নি। তখন কিন্তু আমরা ফুটবলে এশিয়ার অন্যতম বৃহৎ শক্তি। অলিম্পিক্সে ১৯৫৬ তে ফোর্থ হয়েছিলাম। এশিয়ান গেমসেও গোল্ড পেয়ছি ১৯৫১, ১৯৬২ তে।
Topshe: আর কি তবে সুদিন ফিরবে না আমাদের ফুটবলে?
Feluda: এই মুহূর্তে দাঁড়িয়ে বলা শক্ত। তবে ক্রিকেট নির্ভরতা ছেড়ে ফুটবলে পরিকাঠামো গড়ে তুলতে হবে। চাই সঠিক পরিকল্পনা। দেশের ফুটবলটকে শুধু বাংলা, নর্থ ইস্ট আর সাউথের রাজ্যগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো দেশে ছড়িয়ে দিতে হবে। একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের। সাফল্য আসবেই। ঠিক যেমন গত দুবছরে আমরা ফিফা রাঙ্কিং ১৭৩ থেকে ৯৭ তে উঠেছি।
Sidhu jyatha: ঠিক বলেছ ফেলুচাঁদ। সঠিক পথে এগোলে সাফল্য আসবেই।
Jatayu: তবে কি পরের বার কাতারে বিশ্বকাপে ইন্ডিয়ার খেলা দেখতে গিয়ে একটা গল্প লিখব নাকি মশাই! নাম দেব "কাতারে কেরামতি"।😀😁
- শান্তপ্রিয়.

Friday, 27 April 2018

Byomkesh meets Feluda by Debraj Goswami

ব্যোমকেশ ও ফেলুদা , প্রথম আলাপ

১৯৬৭ সাল । ফেলুদার গোয়েন্দাগিরির একেবারে প্রথম যুগ । শ্যামপুকুরের কৈলাস চৌধুরীর কেসটার সমাধান করেছে ফেলুদা মাত্র কদিন আগেই ।তখন আমরা তারা রোডের বাড়িতে থাকি ।সকালের দিকে মাঝে মাঝে লেকে হাঁটতে যাই । তারপর একটা বেঞ্চিতে গিয়ে বসি । সিধু জ্যাঠা এসে পড়েন ইতিমধ্যে । ঘণ্টা খানেক আড্ডা দিয়ে বাড়ি ফিরে আসি । মাত্র মাস তিনেক আগেই এই লেকের ধারটা ছিল জনশূন্য । পর পর বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছিল তখন । তারমধ্যে একটা তো একেবারে এই বেঞ্চিগুলোরই একটার ওপরে । একজন দিনমজুর ঘুমচ্ছিল । তার পিঠের বাঁ দিকে শজারুর কাঁটা ফুটিয়ে দিয়ে তাকে খুন করা হয় । খবরটা কাগজে পড়ে ফেলুদা আমাকে সঙ্গে নিয়ে খুনের যায়গাটা দেখতে গিয়েছিল । ওই বেঞ্চির কাছাকাছি ঘাসের মধ্যে একটা পোড়া সিগারেট খুঁজে পেয়েছিল ফেলুদা । সেটা দেখে ও বলেছিল , যদি সিগারেটটা খুনি খেয়ে থাকে তাহলে দেখবি লোকটা বেজায় কৃপণ ।

কি করে বুঝলে ?

দ্যাখ যারা নিয়মত সিগারেট খায় , কতটা খাওয়ার পর সেটা ফেলে দেবে তার একটা নিজস্ব হিসেব থাকে । যদি অ্যাশট্রেতে পোড়া সিগারেটগুলো লক্ষ করিস দেখবি সেগুলোর মাপও মোটামুটি এক । কিন্তু যারা মাঝেমাঝে খায় বা খুব কম খায় এবং একটু হিসেবি তারা দেখবি চট করে ফেলে দেয় না , পারলে প্রায় ফিল্টার পর্যন্ত টেনে শেষ করে, তারপর ফেলে । এখানেও তাই। যায়গাটা কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলে অন্যরকম ভাবতাম , কিন্তু ফিল্টারে পানের পিক লেগে রয়েছে । কাজেই যে খেয়েছে সে হয় কৃপণ অথবা তার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল নয় ।

এর পরেও আর একটা খুনের ঘটনা ঘটেছিল একই ভাবে । তারপর কাগজ পড়েই জানতে পারি খুনি ধরা পড়েছে । খুনি একজন গায়ক , নাম প্রবাল । আমরাও রেডিওতে তার গান মাঝে মাঝে শুনেছি । তার সম্পর্কে যে বর্ণনা বেরিয়েছিল সেটা ফেলুদার অনুমানের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল । ও কিছু বলে নি , শুধু একপেশে হাসিটা হেসেছিল । আমি জানি এই কেসটা ওর হাতে এলে ও এটার সমাধান অনায়াসেই করতে পারত । কিন্তু এই কেসটার সঙ্গে একজন নামকরা ব্যাবসায়ির পারিবারিক ঘটনা জড়িত ছিল । তারা বিখ্যাত ব্যোমকেশ বক্সিকে কাজের ভার দিয়েছিল এবং উনিও ওঁর স্বাভাবিক দক্ষতায় খুনিকে ধরে দেন । খবরটা বেশ বড় করে বেরিয়েছিল কাগজে ।

এর কিছুদিন পরে আমরা লেকের ধারে হাঁটছি , এখন যায়গাটা আবার আগের মতই জনপ্রিয় , কারন শজারুর কাঁটার খুনি ধরা পড়েছে , ফেলুদা একজনকে দেখে দাঁড়িয়ে পড়ল । বছর পাঞ্চান্ন বয়েসের সাদা ধুতিপাঞ্জাবি পরা এক ভদ্রলোক । উন্নত নাক , চোখে একটা মোটা চশমা , শার্প চেহারা , কানের পাশের দিকের চুলে অল্প পাক ধরেছে , কিন্তু চামড়া টানটান । লেকের দিকে মুখকরে একটা বেঞ্চিতে বসে আছেন । ফেলুদা ওঁর দিকে এগিয়ে গেল ।

নমস্কার , আপনি কি ব্যোমকেশ বাবু ?

আজ্ঞে হ্যাঁ , প্রতি নমস্কার করে বললেন ভদ্রলোক ।

আমার নাম প্রদোষ চন্দ্র মিত্র , আমি কাছেই তারা রোডে থাকি ।

ব্যোমকেশ বাবুর ভ্রু কুঁচকে গেল । প্রদোষ মিত্তির । মানে আপনার নামই তো ফেলু ? আপনার আর আমার পেশা তো একই তাইনা ? আপনি তো সম্প্রতি কৈলাস বাবুর কেসটা সলভ করেছেন ?

আজ্ঞে হ্যাঁ , আমাকে আপনি বলবেন না । আমি বয়েসে আপনার থেকে অনেকটাই ছোট ।

বেশ বেশ ,তা তুমি তো বেশ বুদ্ধিমান ছেলে ।

কিন্তু কৈলাসবাবুর কেসটা তো কাগজে বেরোয় নি । আপনি কি করে জানলেন ব্যাপারটা ?
ব্যোমকেশ বাবু আমাদের ওঁর পাশে বসার ইশারা করে একটু মুচকি হেসে বললেন সেই ব্লু বেরিলের কেস তো ? আচ্ছা তুমি তো আমাকে চেন , খবর রাখো , আন্দাজ কর দেখি কিভাবে আমি খবরটা পেলাম ।

ফেলুদা একটু ভেবে বলল , আচ্ছা আপনাদের একটা বইয়ের ব্যাবসা আছে না , কলেজ স্ট্রীটে । অজিতবাবু সেটার দেখাশোনা করেন । কৈলাস বাবুর লেখা শিকারের বইও বইপাড়া থেকেই ছেপে বেরোয় । মানে ওঁর ওই পাড়ায় যাতায়াত আছে নিয়মিত । তাহলে কি অজিতবাবুর সুত্রে আপনাদের আলাপ আছে ?
শাবাশ । তোমার অনুমান নির্ভুল । আসলে অজিত কৈলাস বাবুর লেখা একটা বই ছাপার জন্য ওঁর সঙ্গে যোগাযোগ করে । সেই সুত্রে আমার সঙ্গেও আলাপ হয় । উনি আমার কাছেই এসেছিলেন প্রথমে । কিন্তু তখন আমি শজারুর কাঁটার কেসটা নিয়ে খুব ব্যাস্ত । অমৃতবাজারে তোমার দেওয়া বিজ্ঞাপন আমি পড়েছিলাম । আমিই ওকে সাজেস্ট করি তোমার কাছে যাওয়ার জন্য । আর আমার নামটা উহ্য রাখতে বলি যাতে তোমার ওপর কোন অতিরিক্ত চাপ না আসে । আমি কেসটা নিলে কেদার সুবিধে করতে পারতো না কারন আসল কৈলাসবাবুর সঙ্গে আমার আগেথেকেই আলাপ ছিল । গোয়েন্দা পাল্টে যাওয়ার সুযোগটাই ও নিয়েছিল । কিন্তু তুমি তো দক্ষতার সঙ্গেই কেসটা সমাধান করেছো , এবং তোমার অজান্তেই আমার মুখরক্ষা করেছো । কৈলাসবাবু পরে ফোন করে সব বর্ণনা দিয়ে তোমার দারুন প্রশংসা করেছেন । তুমি কি খুব ব্যাস্ত , তা না হলে চল , কাছেই আমার বাড়ি , চা খাবে ।

ফেলুদা বলল আমি জানি আপনার বাড়ি কেয়াতলায় । কিন্তু আজ নয় আগামী কাল যাব আপনার বাড়ি যদি অসুবিধে না থাকে । আসলে আমার এক জ্যাঠামশাই রোজ এখানে আসেন আমাদের সঙ্গে দেখা করতে , তাঁকে বলা নেই , না দেখতে পেলে হয়তো চিন্তা করবেন ।

ব্যোমকেশ বললেন তথাস্তু , তাহলে কাল সকালে এইখানেই চলে এস , তারপর একসঙ্গে যাওয়া যাবে ।
এই ছিল ফেলুদা আর ব্যোমকেশ বক্সীর প্রথম আলাপ । ১৯৬৭ সালে ব্যোমকেশ যখন শজারুর কাঁটার কেসটা সলভ করেন তখনই ফেলুদা কৈলাস চৌধুরীর পাথরের কেসটা পায় । পরদিন যখন আমরা ব্যোমকেশ বাবুর বাড়ি যাই সেটাও ছিল এক দারুন অভিজ্ঞতা । অন্য একদিন সে গল্প বলবো ।

Wednesday, 25 April 2018

Satyajit Ray Dharani by Ananyo Chakraborty

সাত সকালে ঘুম থেকে ওঠা ফেলুদার বহুদিনের অভ্যেস। যোগাভ্যাসটাও করে রোজ নিয়ম করে। আমি যখন উঠি তখন ফেলুদা হয় চা খেতে খেতে কাগজ পড়ে নাহয় কোন বইয়ে ডুবে থাকে। কিন্তু আজ সকালে বসার ঘরে এসে দেখি ফেলুদা গম্ভীর মুখে পায়চারি করছে, হাতে ধরা একটা কাগজের টুকরো। সাধারণত এইরকম অবস্থায় আমি ফেলুদাকে কোন প্রশ্ন করে বিরক্ত করিনা। আজও করলাম না। চোখের ইশারায় শ্রীনাথের থেকে জানলাম ফেলুদা আজ চা-ও খায়নি। নিঃশব্দে সোফায় এসে বসতেই ফেলুদা আমার দিকে সেই কাগজের টুকরোটা এগিয়ে দিয়ে গম্ভীর ভাবে বললো, 'এটা পড়।'

আমি কাগজটা নিয়ে খুলে দেখলাম তাতে একটা ছড়া লেখা। লেখাটা এরকম...
দাবার চালে কোণাকুণি
বাম ছাড়লো তার শেষ,
সঙ্গে জোড়ে কুল চূড়ামণি
চাঁদ বাইতে চাঁদের দেশ।
সেই দেশেতেই স্মরণ আজি
এসো সবাই ত্বরা
বাড়িও না পা সেই পথে
যেথায়, নামের পাশে ধরা।

'এটা কে দিলো ফেলুদা! এতো দেখছি হেঁয়ালি !'

'এটা হেঁয়ালি তা বোঝার জন্যে মাথায় কিছু না থাকলেও চলে। কিন্তু হেঁয়ালিটা কিসের সেটা বুঝতে হবে। সকালে খবরের কাগজের মধ্যে এই কাগজটা ঢোকানো ছিল এমনভাবে যাতে কাগজটা খুললেই চোখে পড়ে। এখন প্রশ্নটা হল, কে এবং কেন?'

'কিছু উদ্ধার করতে পারলে?" বোকার মতো প্রশ্নটা করতেই দরজায় কলিংবেলের আওয়াজ, আর তারপরেই শ্রীমান জটায়ুর হন্তদন্ত প্রবেশ।

'হাইলি সাস্পিসাস ব্যাপার মশাই! সকাল সকাল কে আমাকে নিয়ে মস্করা করছে দেখুন! খবরের কাগজের ভেতরে কি এক দুর্বোধ্য ছড়া লিখে পাঠিয়েছে মশাই। কিছুই বুঝতে না পেরে আপনার কাছে আসাই ঠিক মনে করলাম।' জটায়ু একটা কাগজ বাড়িয়ে দিলেন ফেলুদার দিকে। দেখে মনে হল একই ধরনের কাগজ। ফেলুদা কাগজটা নিয়ে দেখে আরও গম্ভীর হয়ে আমার দিকে বাড়িয়ে দিলো। অবাক হয়ে দেখি সেখানেও সেই এক ছড়া লেখা, দুটোই বাংলায় টাইপ করা, একই ধরনের পাতায় প্রিন্ট নেওয়া।

আমি জটায়ুকে ফেলুদার কাগজটা দেখাতেই ওনার চোয়াল যেন ঝুলে পড়লো। 'আপনাকেও !! একই লেখা! কি সাঙ্ঘাতিক! এসব কার কারসাজি মশাই?"

'আপনার গাড়িটা এনেছেন?' ফেলুদা জটায়ুর দিকে তাকিয়ে প্রশ্নটা করলো।

'হ্যাঁ, বাইরেই রয়েছে। বেরোবেন নাকি? ইয়ে, মানে গুপ্তধন-টন নাকি মশাই !! '

ফেলুদা আমার দিকে তাকিয়ে বলল, 'পাঁচ মিনিটে রেডি হ তোপসে।

রজনী সেন রোড থেকে বেরিয়ে মুদিয়ালি আসতেই ফেলুদা ড্রাইভারকে বলল ভবানিপুরের দিকে যেতে। আমি আর জটায়ু উসখুস করছি। ফেলুদা আমার দিকে তাকিয়ে বলল, 'দাবার চালে কোণাকুণি, মানে কি?'

'কোণাকুণি মানে...গজ।' বললাম আমি।

'সাবাস! বাম ছাড়ে তার শেষ, বাম অর্থাৎ লেফট, তার শেষ অক্ষর ছেড়ে দিলে লেফ।'

'কি সব বলছেন কিছুই বুঝছিনা মশাই। গজ, লেফ, চাঁদ... এসব কি? রহস্যময় ব্যাপার ! আপনার সাথে এরকম হেঁয়ালি করার সাহস রাখে কে এই খোদ কোলকাতায়?'

'কূল চূড়ামণির কোন সুযোগ্য শিষ্য...' ফেলুদা মুচকি হেসে জটায়ুর দিকে তাকিয়ে বললো,' চাঁদ বাইতে চাঁদের দেশ... একে চন্দ্র, অর্থাৎ এক বাই এক। আর গজ অর্থাৎ বিশপ। লালমোহন বাবু, কোনো গুপ্তধন নয়, তবে এক মহারাজের প্রাসাদে যাচ্ছি আমরা।'

'এক বাই এক বিশপ !! মহারাজ ! আমি সত্যি কিছুই বুঝতে পারছিনা ফেলুদা।' আমি আত্মসমর্পণ করাই শ্রেয় মনে করলাম।

'মারবো মাথায় এক গাঁট্টা। ' ফেলুদা বললো, 'সকালে উঠে যোগাভ্যাস কর।'

ভবানিপুর পোস্ট অফিসটা পেরোতেই ফেলুদা ড্রাইভারকে বললো ডানদিকে ঘোরাতে। রাস্তার নাম দেখেই চমকে উঠলাম আমি। বিশপ লেফ্রয় রোড... গজ অর্থাৎ বিশপ, লেফট টি ছেড়ে লেফ, আর সঙ্গে জোড়ে কুলচূড়ামণি, তার মানে 'রয়'। এক বাই এক, বিশপ লেফরয় রোড, স্বয়ং সত্যজিৎ রায়ের বাড়ি ! বিদ্যুৎচমকের মতো মনে পড়লো আজ ২৩শে এপ্রিল, ওনার মৃত্যুদিন...

স্মরণসভায় প্রোফেসর শঙ্কুও এসেছিলেন। ফেলুদা ওনাকে প্রণাম করতেই উনি হেসে জড়িয়ে ধরলেন ফেলুদাকে, একটু আড়ালে ডেকে কিছু আলোচনাও করলেন। খুব শিগগিরি আমাদের বাড়ি আসবেন কথা দিলেন। ফেরার পথে জটায়ু বললেন, 'এই বাড়িতে এসে যেন তীর্থস্থান ভ্রমণের অনুভূতি হলো। হেঁয়ালির সবই তো বুঝলাম মশাই, কিন্তু ওই শেষ দুটো লাইন... বাড়িও না পা সেই পথে / যেথায়, নামের পাশে ধরা...এটার অর্থ কি বুঝলাম না তো। '

ফেলুদা মুচকি হেসে বললো, 'পাশের রাস্তাটার নাম খেয়াল করেছেন? সত্যজিৎ রয় ধরণী...

Thursday, 5 April 2018

Ball tampering by Santapriya Chakraborty

 'আপনি মশাই কোনদিন বল টেম্পারিং করেছেন? নাকি সেসবের কোনদিন দরকার পড়েনি?', লালমোহনবাবু প্রশ্নটা করে ফেললেন একপ্রকার অধৈর্য্য হয়েই। কারণ তোপসে ও ফেলুদা নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ এই বিষয়ে কথা বলছিল। বিষয় অবশ্য‌ই সাম্প্রতিক অস্ট্রেলিয়ার ক্রিকেটে সবচেয়ে কলঙ্কিত ঘটনা।

ফেলুদা বলল 'আমি ডানহাতি লেগস্পিনার ছিলাম। রিস্ট স্পিনার। তাই আমার কখন‌ও ওসবের দরকার পড়েনি। তবে পেস বোলারদের চুইংগাম দিয়ে বল ঘষতে দেখেছি কয়েকবার। কিন্তু সে জিনিস এখনকার মত এত নোংরা আকার ধারণ করেনি'। ফেলুদার গলায় আক্ষেপের সুর। কারণ ও স্কুলকলেজ লাইফে প্রচুর ক্রিকেটে খেলেছে। ক্যালকাটা ইউনিভার্সিটির হয়ে অনেক ট্রফিও জিতেছে। খেলাটাকে ও ভালবাসে।
লালমোহনবাবু একটু তাচ্ছিল্যের সুরে বললেন ' জাতটাই এরকম মশাই। এরা জেতার জন্য যাকিছু করতে পারে। ভদ্রলোকর খেলাটাকে এরা ভদ্র রাখল ক‌ই?'
তোপসে বলল, 'সেটা কিছুটা ঠিক, তবে বল টেম্পারিং এর দোষে অনেক নামী দামী ক্রিকেটার‌ও অভিযুক্ত হয়েছেন। আমাদের শচীন তেন্ডুলকর তো একটা টেস্ট সাসপেন্ড‌ও হয়েছিলেন। মাইক আথারটন, শাহিদ আফ্রিদি, জেমস অ্যান্ডারসন বা ডুপ্লেসি, তালিকাটা দীর্ঘ।'
'তবে ছেলেটির প্রতিভার দিকটা কেউ দেখল না মশাই। যতটুকু খবর রাখি স্মিথ‌ই যে এই মুহূর্তে পৃথিবীর সেরা টেস্ট ব্যাটসম্যান তা জানি। ১ টা বছর নির্বাসন একটু বাড়াবাড়ি হয়ে গেল না!' বললেন ভদ্রলোক।
একটা চারমিনার ধরিয়ে ফেলুদা বলে চলল ' আসল ব্যাপারটা কি জানেন, আমরা আমাদের হিরোদের কখন‌ও খারাপ দেখতে পারিনা। সে খেলাতেই হোক, বিনোদনে হোক কিংবা রাজনীতিতে হোক। যেহেতু স্মিথ একজন পছন্দের খেলোয়াড় তাই তার ব্যানটা বাড়াবাড়ি মনে হচ্ছে। অথচ ক্রিকেটে নিয়ম বহির্ভূত কাজ সে আগেও করেছে, শাস্তিও পেয়েছে। এবারে তো একেবারে জেতার জন্য মরিয়া হয়ে ষড়যন্ত্রে সামিল। কিন্তু লোকজন তবু সহানুভূতির বন্যা ব‌ইয়ে দিচ্ছেন। ঠিক যেভাবে সলমন খানের হরিণ মেরে শাস্তি পেতে ২০ বছর লেগে যায় কারণ তিনি প্রভাবশালী, জনতা তার পাশে। সঞ্জয় দত্ত জেল থেকে বেল নিয়ে ১০০ কোটির সুপারহিট ছবি করে। রাজনৈতিক নেতা মন্ত্রীরা চুরি, ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েও ভোটে জেতে। সাজাপ্রাপ্ত জেলফেরত নেতার সভায় বক্তৃতা শুনতে লাখো মানুষ ভিড় করে'।
একটু থেমে বলল 'স্বভাব বদল করুন লালমোহনবাবু। অপরাধটা অপরাধ‌ই, সে যেই করূক। অপরাধের বিচার যেন ব্যক্তির অবস্থা বা প্রতিপত্তি, ক্ষমতা দেখে না করা হয়। সাদাকে সাদা, কালোকে কালো বলার ক্ষমতা সবার থাকে না।......কিছু বুঝলেন?'
লালমোহনবাবু কিছুটা উসখুস করে খানিক বাদে জবাব দিলেন 'বুঝেছি, স্মিথ ওয়ার্নারের ট্যালেন্ট একদিকে আর তাদের শাস্তি পাওয়া সম্পূর্ণ অন্যদিক। আফটার‌অল ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যানস গেম।.....। সেখানে নো কমপ্রোমাইজ'।

Sunday, 1 April 2018